Pages

ভালোবাসার রসায়ন - মিনি সায়েন্স

March 12, 2020

‘পৃথিবীটা ভালোবাসার উপরেই দাঁড়িয়ে আছে’ – এমনটাই অভিমত অনেক মানুষের। ভালোবাসা আমাদের কাছে হৃদয়বৃত্তিক কিংবা মনস্তাত্বিক ব্যাপার। কিন্তু এর পেছনেও আছে বিজ্ঞান, আরো সঠিকভাবে বলতে গেলে রসায়ন। আর ভালোবাসার এই রসায়ন পরিচালিত হচ্ছে কয়েকটি হরমোনের দ্বারা। এইসব হরমোনের উৎপত্তি আবার মানুষের মস্তিষ্কে। অনেকে হৃদয় ও মস্তিষ্ককে একে অপরের প্রতিদ্বন্দ্বী মনে করেন, বিশেষ করে ভালোবাসার দিক দিয়ে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, ভালোবাসার দিকে থেকে হৃদয় ও মস্তিষ্ক একই সিগন্যাল দিচ্ছে।

এবার আসা যাক ভালোবাসার ব্যাপারে। ভালোবাসাকে নিউরোসায়েন্টিস্টগণ মোটামুটি তিনভাগে ভাগ করেছেন – আকাঙ্ক্ষা (Lust), আসক্তি (Attraction) এবং ঘনিষ্টতা (Attatchment)। আমরা একে একে এদের সম্পর্কে এবং এদের পেছনে থাকা হরমোন সম্পর্ক জানার চেষ্টা করবো।


আকাঙ্ক্ষা (Lust) – Lust ব্যাপারটা আসে সাধারণত কামনা থেকে। আপনি কাউকে দেখে নিজের ভেতর কামনা অনুভব করতে পারেন। অন্ততপক্ষে মি: ফ্রয়েড-ও তাই বলেন। এই কামনার জন্য দায়ী হরমোনগুলো হচ্ছে – টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন। মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ এই হরমোন দুইটি উৎপাদনের জন্য সিগন্যাল পাঁঠায়।

আসক্তি (Attraction) – Attraction ব্যাপারটা আকাঙ্ক্ষার পরের ধাপ। এটি বেশিরভাগ দেখা যায় নতুন কাপলদের মধ্যে। একে অপরের প্রতি যে টান সেটিকেই আমরা আসক্তি বলতে পারি। এক্ষেত্রে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ হতে ডোপামিন (Dopamine) এবং একই সাথে কিছু পরিমাণ নরএ্যাড্রেনালিন (Noradrenalin) এর নিঃসরণের ভূমিকা আছে। এইসব হরমোন নিঃসরণের কারণে ক্ষুদামন্দা এবং অনিদ্রা দেখা দেয়। তাই প্রেমে পড়লে মানুষের খাওয়া-ঘুম কমে যায় – এই ব্যাপারটাও হরমোনাল। এক্ষেত্রে আরেকটি হরমোন – সেরোটোনিন (Serotonin)-ও দায়ী। তবে আসক্তির ক্ষেত্রে এটির পরিমাণ কমে যায় আরকি।

ঘনিষ্টতা (Attatchment) – ভালোবাসার ক্ষেত্রে পরিপূর্ণ ধাপে ঘনিষ্টতা থাকা স্বাভাবিক। তবে এই ঘনিষ্টতা কেবল প্রেমিক-প্রেমিকা বা বিবাহিত দম্পতির মধ্যে হবে এমন না। এটাকে বৃহৎক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্টতা বলাটাই ভালো হবে। যেমন বন্ধুদের মধ্যে, পিতামাতার ও সন্তানের যেমন ঘনিষ্টতা থাকে। এক্ষেত্রে অক্সিটোসিন (Oxytocin) এবং ভেসোপ্রেসিন (Vasopressin) নামক হরমোন দায়ী। এদের উৎপত্তি-ও মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ।
তো ভালোবাসা যে হৃদয়বৃত্তিক ব্যাপারের পূর্বে মস্তিষ্কের রাসায়নিক ক্রিয়াকলাপগত ব্যাপার, সেটি এখন কিছুটা হলেও মানা গেলো.


আরো বিস্তারিত জানার জন্য দেখুন - 
১) http://sitn.hms.harvard.edu/flash/2017/love-actually-science-behind-lust-attraction-companionship/
২) https://www.healthline.com/health/love-hormone

0 comments:

Post a Comment